
আমিনুল ইসলাম, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে বিদ্যুত গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিদ্যুত বিভাগের ব্যাপক দুর্নীতি হয়রানী ও অনিয়মের প্রতিবাদে উপজেলা পরিষদে বিশিষ্টজনরা ক্ষোভ প্রকাশ করেন।
চরফ্যাশন উপজেলা পরিষদে রবিবার বেলা ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) ও টিম চিলেকোঠার আয়োজনে এক মতবিনিময় সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। এসময় গ্রাহকদের ভৌতিক বিল, বিভিন্ন চার্জ বিড়ম্বনা, গ্রাহক হয়রানিসহ বিদ্যুৎ বিভাগের নানারকম স্বেচ্ছাচারিতা নিয়ে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করেছেন। এতে সভাপতিত্ব করেন ভোলা নাগরিক ফোরাম (দক্ষিণ) কমিটির সভাপতি এম আবু সিদ্দিক।
চরফ্যাশন উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংলাপে চরফ্যাশন আবাসিক বিদ্যুত প্রকৌশলী গোলাম মোহাম্মদ মহসিন মোল্লা ও পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মোঃ মিজানুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, চরফ্যাশন পৌরসভার কাউন্সিলর আকতারুল আলম সামু, নাগরিক ফোরাম ভোলা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সহসভাপতি মনির আসলামী, কামাল মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াহ ইয়া ইসলাম মনির, যুগ্ম সম্পাদক কামরুল সিকদার, মাইনুদ্দিন জমাদার, সোহেব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, টিম চিলেকোঠার মোঃ রনি।
বিদ্যুৎ গ্রাহকদের নানা রকম হয়রানি বন্ধে বক্তারা বলেন, চরফ্যাশন উপজেলায় প্রতিনিয়ত বিদ্যুৎ বিভাগের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও প্রতিনিয়ত গ্রাহকরা হয়রানির বন্ধ না হলে কঠোর আন্দোলন হলে দায়ভার বিদ্যুত বিভাগকে নিতে হবে। দীর্ঘদিন ধরে মিটার রিডাররা মিটার চেক না করেই বিদ্যুৎ ভৌতিক বিলসহ দুর্নীতি করে আসছে।
বিদ্যুৎ গ্রাহকদের আবাসিক প্রকৌশলী আশ্বস্ত করে বলেন, এখন থেকে গ্রাহকদের পছন্দের মিটার ক্রয় করতে পারবেন। তাদের নির্ধারিত কোন মিটার কেনা লাগবেনা। গ্রাহকরা অতিরিক্ত বিভিন্ন অহেতুক মিটার বিলচার্জে হয়রানি হবেনা এবং আগামী ৬ মাসের মধ্যে অসমাপ্ত কাজ শেষ হলেই নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত হবে।















