ভোলায় খুঁটিতে বেঁধে গোবর খাইয়ে কৃষককে নির্যাতন

ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলায় চারা রোপণকে কেন্দ্র করে এক কৃষককে খুঁটির সঙ্গে বেঁধে গোবর খাওয়ানো ও দাড়িতে গোবর মেখে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার ১৪ দিন পর শুক্রবার রাতে বর্বরোচিত এই নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে রাতেই পুলিশ ঘটনার মূলহোতা ভগ্নিপতি রশিদ মল্লিককে গ্রেপ্তার করেছে। শনিবার এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মুনসুরকে (৫৩) রশি দিয়ে খুঁটির সঙ্গে হাত বেঁধে রশিদ মল্লিকের নির্দেশে আরসাদ মল্লিক (২৭) নামে এক যুবক একটি লাঠির মাথায় গোবর নিয়ে খাওয়ায় এবং তার দাড়িতে সেই গোবর মেখে মারধর করে। নির্যাতনের নেতৃত্ব দেওয়া রশিদ মল্লিক মুনসুরের আপন ভগ্নিপতি ও যুবক আরসাদ নাত জামাই। এ ঘটনাটি গত ২৫ জুলাই ঘটলেও নির্যাতিত মুনসুর ভয়ে থানার দ্বারস্থ হননি। কিন্তু ওই ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরালের পর রশিদ মল্লিককে শুক্রবার রাতে আটক করা হয়।

এ ঘটনায় ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, মামলায় ঘটনার মূল হোতা রশিদ মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে মুনসুর বাদী হয়ে নাতনি জামাই আরসাদকে প্রধান আসামি ও রশিদ মল্লিককে দ্বিতীয় আসামি করে চারজনের বিরুদ্ধে ভোলা থানায় মামলা করেছেন।