
মাইন উদ্দিন জমাদার : সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল বিভাগের মূল দায়িত্বে এবং খুলনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল ভোলা জেলার লালমোহন উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন। আজ ২২ জুলাই বুধবার পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি উক্ত ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন।
আজ ২২ জুলাই সকাল ১১টায় প্রথমে তিনি লালমোহন উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পেন্ডিং ই-নামজারিসমূহ দ্রুত আইনানুগভাবে নিষ্পত্তিকরণের র্নিদেশনা দেন। এছাড়া যে সকল হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ করা হয়নি তা অতি সত্বর পেরীফেরিভুক্তকরণ, চান্দিনা ভিটি ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, দেওয়ানী মামলার এসএফ যথাসময়ে প্রেরণ, সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন টানা প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি একে একে লালমোহন পৌর ভূমি অফিস এবং লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ, তলব বাকী অর্থাৎ ২ নং রেজিস্টার হোল্ডিং ওয়ারী সরেজমিন পরিদর্শনপূর্বক হালনাগাদকরণের নির্দেশনা দেন।
এছাড়া এ সময় তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের প্রতি দায়িত্ব পালনের আহবান জানান। এসময় তার সাথে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত হাবিবুল হাসান রুমি উপস্থিত ছিলেন।
শীর্ষবাণী ডটকম/এনএ















