চরফ্যাশন শহরের ফুটপাত অবৈধ দোকানীদের দখলে, দুর্ভোগে পথচারীরা

আমিনুল ইসলাম: যানজট নিয়ন্ত্রণ, হকার উচ্ছেদ আর সড়ক প্রশস্ত করা নিয়ে ব্যস্ত স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়র৷ শহরের রাস্তা প্রশস্ত করনের জন্য অনেক ঘর মালিক ছেড়ে দিয়েছেন তাদের মূল্যবান জায়গা৷ কিন্তু কতিপয় অসাধু ব্যবসায়ী ও ইজারাদারের কারণে রাস্তা প্রশস্তকরণের সুফল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন শহরবাসী৷

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, চরফ্যাশন শহরের সদর রোড, বটতলা, জ্যাকব এভিনিউ, চালপট্টি, গ্রীন রোডসহ প্রায় সকল গুরুত্বপূর্ণ সড়কের দু’পাশে ব্যাঙের ছাতার মত বসানো হচ্ছে শত শত অবৈধ দোকান৷ প্রতিটি দোকান থেকে দৈনিক ৫০ টাকা করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি অসাধু চক্র৷ অন্যদিকে রাস্তার দু’পাশের ফুটপাত ব্যবসায়ীরা দখল করে তাদের মালামাল রাখার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের৷

শুধু অবৈধ দোকান বসিয়ে বা ফুটপাত দখলেই শেষ নয়, টিবি স্কুল থেকে শরীফ পারা পর্যন্ত রিক্সা, মোটরসাইকেল, বোরাক, সিএনজি, মাইক্রোবাস, ট্রাক ও নসিমন-করিমন সমিতির মাধ্যমে দখল হয়ে আছে শহরের প্রধান সড়ক, সদর রোড৷ এই অবস্থায় সীমাহীন দুর্ভোগ ও যানজট লেগেই থাকে সব সময়৷

এবিষয়ে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি বলেন, এসব দেখার দায়িত্ব পৌরসভার৷ অবৈধভাবে শত শত দোকান বসানোর পিছনে দায়ী হচ্ছে ইজারাদার৷ সে ইজারাদারদের প্রতি সঠিক কোনো ব্যবস্থা নিতে পারছেন না পৌরসভা৷ তাদেরকে আমরা কিছু বললে এক কথায় বলে দেয় আমরা পৌরসভা থেকে বাজার ডাক নিয়েছি৷ কিন্তু আমার জানামতে সদর রোড বটতলা রোড যানজট মুক্ত রাখা বা নির্বিঘ্নে চলাচলের জন্য কোন প্রকার ডাক দেয়া হয়নি৷

দেখা যাচ্ছে, পৌরসভা ইজারাদারদের প্রতি শিথিল মনোভাব প্রকাশ করায় তারা এত সাহস পেয়েছেন৷ পৌর কর্তৃপক্ষ ইচ্ছা করলে নোটিশ করে, কঠোর অবস্থানে থেকে এ সকল অবৈধ দোকান উচ্ছেদের মাধ্যমে যানজটমুক্ত ও পথচারীদের নিরাপদ চলাচলের শহর তৈরি করতে পারে৷

পৌর কাউন্সিলর আখতারুল আলম সামু ফুটপাত দখল প্রসঙ্গে শীর্ষবাণীকে বলেন, অসংখ্যবার আমরা ব্যবসায়ীদের মালামাল সরিয়ে ফুটপাত চলাচলের উপযোগী করেছি৷ দেখা যায় কিছুদিন পর আবার তারা ফুটপাত দখল করে বসে৷ এটা অত্যন্ত দুঃখজনক৷

চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ শীর্ষবাণীকে জানান, স্থানীয় প্রশাসনসহ একাধিকবার এসকল অবৈধ দোকান, দখল হওয়া ফুটপাতের মালামাল উচ্ছেদ করেছি, দেখা যায় কিছুদিন পর পুনরায় আবার অবৈধ দোকান বসানো হয়৷ আমরা অতি দ্রুত ইজারাদার, ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে নিরাপদ চলাচলের ব্যবস্থা এবং যানজট মুক্ত চরফ্যাশন পৌর শহর গড়ে তুলবো৷
শীর্ষবাণী ডটকম/এনএ