রাজাপুর ও কাঠালিয়া উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের ভূমি বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু

মাইন উদ্দিন জমাদার: উপজেলা পর্যায়ে ঝালকাঠির দুই উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলোজির প্রয়োগ শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ ২১ জুলাই মঙ্গলবার সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য সুরক্ষা মেনে ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

বরিশাল বিভাগের মূল এবং খুলনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল এ প্রশিক্ষণ কমর্সূচির শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার।

প্রশিক্ষণে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমি তথ্য সেবা ও কাঠামো, ই-মিউটেশন, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ করণ, নামজারি রিভিউ ও মিস মোকদ্দমা, ভূমি উন্নয়ন কর আদায় ও প্রতিবেদন প্রেরণ, রেন্ট সার্টিফিকেট মামলা, খাসজমি ও সায়রাত মহল ব্যাবস্থাপনা, এসএফ লিখন পদ্ধতি, উত্তরাধিকার সম্পর্কিত সংশ্লিষ্ট বিধি-বিধান প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভূমি ব্যবস্থাপনায় ও ভূমি সেবায় ইনফরমেশন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সেবাগ্রহীতাদের দ্রুত সেবা প্রদান করতে হবে। জনদুর্ভোগ ও হয়রানি বন্ধ করতে হবে। সরকার সে লক্ষ্যে কাজ করছে। ভূমির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সেজন্য দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রিসোর্স পার্সন হিসেবেও তিনটি সেশন পরিচালনা করেন। উল্লেখ্য, পিরোজপুর জেলার রাজাপুর ও কাঠালিয়া এ দু’টি উপজেলার সর্বমোট ২৪ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্টিফিকেট সহকারী, সার্ভেয়ার অফিস সহকারী ও নামজারী সহকারীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
শীর্ষবাণী ডটকম/এনএ