
মোঃ অহিদুর রহমান, মনপুরা (ভোলা) প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় আরো ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এর রহমানপুর গ্রামে। ৮ জুন সকালে এই তথ্য শীর্ষবাণী ডটকমকে নিশ্চিত করেন মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ।
তিনি বলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৪২ বছর বয়সের এক ব্যক্তি গত ৩০ মে হাসপাতালে এসে নমুনা দিয়ে যান। তিনি ঢাকায় সিএনজি চালিত গাড়ি চালাতেন। করোনা পজেটিভ হওয়ার খবর শুনে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখার জন্য তার বাড়িতে যোগাযোগ করলে জানা যায় তিনি পুনরায় ঢাকায় ফিরে গেছেন। তাদের পরিবারের সদস্যদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্লাহ কাজল শীর্ষবাণীকে বলেন, করোনা পজেটিভ হওয়ার খবর শুনে আমি ওই পরিবারের সাথে যোগাযোগ করেছি। বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের প্রয়োজনীয় সকল ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে আজ বেলা ১১ টায় মনপুরা হাসপাতালে আইসোলেশনে থাকা আরো ২জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদেরকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন হলেন ইতিপূর্বে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আজাদের স্ত্রী সালমা বেগম এবং অপরজন হলেন মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় মোঃ বশির উল্লাহ। গত ২৭ মে তাদের দুইজনের নমুনার ফলাফল পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ২২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২০৫ জনের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ৮ জনের নমুনায় পজেটিভ ধরা পড়েছে। এর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। পুলিশের এক সদস্যকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভোলায় নিয়ে গেছেন। আজ যার নমুনা পজেটিভ এসেছে, তিনি ঢাকায় চলে গেছেন
শীর্ষবাণী/প্রতিনিধি/এনএ













